কম্পিউটার আমরা কীভাবে ব্যবহার করবো, তার সাধারণ নিয়মাবলী –
কম্পিউটার ব্যবহার করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় এবং বেশকিছু জিনিস দেখে নিতে হয়। যেমন-
১. যেখানে কম্পিউটার ব্যবহার করা হবে অর্থাৎ বাড়ি, স্কুল, অফিস বা যেকোনো জায়গায়, সেখানে আগে বিদ্যুতের সংযোগ ও বিদ্যুতের আর্থিং সঠিক ভাবে আছে কিনা দেখে নিতে হবে।
২. নিয়ম অনুযায়ী কম্পিউটার চালু করতে হবে।
৩. কাজ শেষ হবার পরে নিয়ম মেনে কম্পিউটার বন্ধ করতে হবে।
৪. সমস্ত রকম অ্যাপ্লিকেশান প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান সফটওয়্যার সম্পর্কে জেনে তারপরে কম্পিউটার ব্যবহার করাই ভালো।
৫. মাউস (Mouse) ও কী-বোর্ড (Key Board) সম্পর্কে যথাযথ ভাবে জেনে কম্পিউটার ব্যবহার করলে ভালো।
৬. কম্পিউটার সিস্টেমের সমস্ত প্রকার তারের যেমন-পাওয়ার কর্ড, সিগনাল কর্ড ইত্যাদি (Power Cord, Signal Cord etc.) ঠিকঠাক কানেকশন করা আছে কিনা দেখে নিতে হবে।
পাওয়ার কর্ড, সিগনাল কর্ড ইত্যাদি ঠিকঠাক কানেকশন করা : কম্পিউটার চালু করার আগে প্রথমেই আমাদেরকে তারের কনেকশন গুলি ভালো করে দেখে নিতে হবে। তারের কানেকশন গুলির মধ্যে রয়েছে –
১. বিদ্যুতের সুইচবোর্ড থেকে ইউ.পি.এস (UPS – Uninterrupted Power Supply) –এ কানেকশন।
২. ইউ.পি.এস (UPS) থেকে মনিটর ও সি.পি.ইউ (CPU – Central Processing Unit) –তে কানেকশন।
৩. মনিটর এবং সি.পি.ইউ-এর মধ্যে সিগনাল তারের কানেকশন।
৪. মাউস এবং কী-বোর্ড –এর তার সি.পি.ইউ –এর সাথে সংযোগ।
কম্পিউটার চালু করা : ১. প্রথমে যে সুইচবোর্ড-এর সাথে ইউ.পি.এস এর কানেকশন করা আছে সেই সুইচবোর্ড-এর পাওয়ার সুইচটি অন করতে হবে।
২. এরপর ইউ.পি.এস (UPS)-এর পাওয়ার বাটন প্রেস করে পাওয়ার সুইচটি অন করতে হবে।
৩. যদি মনিটরের পাওয়ার অফ করা থাকে তাহলে মনিটরের পাওয়ার বাটনটি প্রেস করে পাওয়ার অন করে নিতে হবে।
৪. শেষে সিস্টেম বক্স বা ক্যাবিনেট (Cabinet) –এর পাওয়ার বাটন প্রেস করে অন করতে হবে। ফলে কম্পিউটারে লোড করে রাখা অপারেটিং সিস্টেম (Operating System)-এর বুটিং (Booting) চালু হবে। এরপর কম্পিউটার ধীরে ধীরে চালু হবে এবং মনিটরে কিছুক্ষণের মধ্যে ডেস্কটপ দেখা যাবে।
কম্পিউটার বন্ধ করা : ১. ডেস্কটপের বামদিকের নিচে স্টার্ট (Start) মেনুতে ক্লিক করে Shut down অপশনে ক্লিক করলেই কম্পিউটার ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
২. কম্পিউটার বন্ধ হয়ে গেলে ইউ.পি.এস-এর পাওয়ার বাটন প্রেস করে ইউ.পি.এস-এর পাওয়ার অফ করতে হবে।
৩. সবশেষে সুইচবোর্ড-এর সুইচটি অফ করতে হবে।
অ্যাপ্লিকেশান প্রোগ্রাম চালু করা : ১. আমরা যে অ্যাপ্লিকেশান প্রোগ্রামটি চালু করতে চাইছি যদি সেটির আইকনটি ডেস্কটপে থাকে, তাহলে সেই আইকনের ওপরে ডবল ক্লিক (Double Click) করতে হবে।
২. আর যদি সেই অ্যাপ্লিকেশান প্রোগ্রামের আইকনটি ডেস্কটপে না থাকে, তাহলে স্টার্ট (Start) মেনু থেকে প্রোগ্রামটি চালু করতে হবে। স্টার্ট মেনুতে ক্লিক করলে সমস্ত অ্যাপ্লিকেশান প্রোগ্রাম দেখা যাবে, যেটি ওপেন করতে চাইছি সেটির ওপরে ক্লিক করলে সেই অ্যাপ্লিকেশান প্রোগ্রামটি ওপেন হবে।
অ্যাপ্লিকেশান প্রোগ্রাম বন্ধ করা : ওপেন করা অ্যাপ্লিকেশান প্রোগ্রামের মধ্যে আমাদের কাজ হয়ে গেলে সেটি বন্ধ করতে হবে। বন্ধ বা Close করার জন্য, প্রোগ্রামের ডানদিকের ওপরে Close বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশান টি বন্ধ করতে হবে। এছাড়াও File মেনু বা রিবনের অন্তর্গত Exit অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি বন্ধ বা Close হবে।


0 Comments